কুতুবউদ্দিন আহমেদ (কিশোরগঞ্জ): নীল আকাশের নীচে দিগন্তজোড়া হাওর, ঢেউয়ের কলতান আর শাপলার লাল-সাদা হাসি— এমন মনোরম প্রকৃতিকে সঙ্গী করে ২০ আগস্ট, বুধবার সারাদিনব্যাপি আনন্দঘন নৌভ্রমণের আয়োজন করল বনগ্রাম গাউসিয়া রহমানীয়া হুসাইনিয়া আলীম মাদ্রাসা। এ যেন ছিল শুধু একটি ভ্রমণ নয়, শিক্ষক-কর্মচারীদের আত্মিক বন্ধনের এক অনন্য উৎসব।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ভ্রমণে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. মনিরুজ্জামান লিটন। তিনি ভ্রমণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “শিক্ষকদের পারস্পরিক সম্প্রীতি যেমন শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করে, তেমনি এমন আয়োজন তাদের মনে নতুন প্রাণশক্তি যোগায়।”
সারাদিনের ভ্রমণ ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরপুর। কখনো সবাই একসাথে গান গেয়েছেন, কখনো গল্প আর আড্ডায় ডুবে থেকেছেন। নৌকার দোল আর হাওরের শান্ত স্নিগ্ধতা তাদের হৃদয়ে এনেছে প্রশান্তি। সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ভোজ ও মুক্ত মতবিনিময় ভ্রমণটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, “শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি সমাজের আলোকবর্তিকা। তাদের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও মানসিক প্রশান্তি তৈরি করাই এ ভ্রমণের মূল উদ্দেশ্য।”
শিক্ষক-কর্মচারীরা জানান, তারা এই ভ্রমণকে জীবনের এক অবিস্মরণীয় দিন হিসেবে স্মরণে রাখবেন। তাদের মতে, এমন আয়োজন শিক্ষাক্ষেত্রে কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
ঢেউয়ের দোল, নীলাকাশের বিস্তার আর হাসিখুশি মুখরতায় ভরা এই নৌভ্রমণ যেন থেকে গেল সবার মনে এক অমলিন কবিতা হয়ে।