কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী জাওয়ার উচ্চ বিদ্যালয়ে জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়, কিশোরগঞ্জের অর্থায়নে ও তাড়াইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সততা চর্চার বিকাশে প্রতিষ্ঠিত হলো “সততা স্টোর”। ২৫ আগস্ট, সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন , বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন ভূইয়া, দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ, তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক ও জাওয়ার উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি সাংবাদিক রবীন্দ্র সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আমিনুল ইসলাম ভূইয়া বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা বিকাশের লক্ষ্যে দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে সততা স্টোর একটি যুগোপযোগী উদ্যোগ। এখানে কোনো বিক্রেতা নেই; শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করে নিজ দায়িত্বে নির্ধারিত মূল্যের টাকা প্রদান করবে। এর মাধ্যমে তারা শিখবে সততা, নৈতিকতা ও স্বশিক্ষার অনন্য পাঠ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, “সততা স্টোর শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রয়োজন।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল এ ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানান।