স্টাফ রিপোর্টার:রাজধানীর কদমতলী থানার আলোচিত হাসিবুল হাসান ওরফে বাবু (২৮) হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি মোঃ কোরবান (২৮)কে শনির আখড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ভিকটিম হাসিবুল হাসান তার বন্ধু শরীফুল ইসলামসহ কয়েকজনকে নিয়ে ঘুরতে বের হলে পূর্ব শত্রুতার জেরে কোরবানসহ একাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র সুইচ গিয়ার দিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় গুরুতর আহত হন হাসিবুল ও শরীফুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা (নম্বর-৪১, তারিখ-২৬/০৮/২০২৫) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০ এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র প্রেরণ করেন।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ কোরবানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কোরবান কদমতলীর পাটেরবাগ এলাকার মোতাহার আলীর ছেলে। তাকে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।