কাওসার হোসেন মামুন (খাগড়াছড়ি):
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সহিংসতাকে কেন্দ্র করে রোববার (২৮ সেপ্টেম্বর) নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের প্রত্যেকের বাড়ি জেলার গুইমারা উপজেলায়।
নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার হাফছড়ি ইউনিয়নের আথ্রাউ মারমা (২৪), লিচুবাগান এলাকার আথুইপ্রু মারমা (২৬) ও বটতলাপাড়ার থোয়াইচিং মারমা (২৪)।সিভিল সার্জন মো. ছাবের জানান, নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।রাতে আইএসপিআর জানিয়েছে, পাহাড়ি দুর্বৃত্তের গুলিতে রোববার গুইমারার রামসু বাজার এলাকায় হতাহতের ঘটনা ঘটে।
এ দিকে ধর্ষণ ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। তবে বেলা ১২টা থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ শিথিল করেছে সংগঠনটি। ফলে দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে।এ ছাড়া খাগড়াছড়ি ও গুইমারায় প্রশাসনের আহুত ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি বিজিবি, পুলিশ মাঠে রয়েছে।এ বিষয়ে পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, উদ্ভূত অবস্থা ক্রমেই উন্নতির দিকে। আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সময়মতো ১৪৪ ধারাও তুলে নেয়া হবে। ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন। ওই ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা অবরোধের আহ্বান করে।