নিউজ ডেস্ক:শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে চলতি আমন আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) গভীর রাতে প্রায় ৩২ টি বন্য হাতির একটি দল খাদ্যের সন্ধানে উপজেলার পোড়াগাও ইউনিয়নের পশ্চিম সমশ্চূড়ার ঝোরাপাড়া গ্রামে প্রবেশ করে প্রায় ৫ একর আমন ধানের ফসল নষ্ট করে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকগণ পড়েছেন মহাবিপদে।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ৩০/৩২ টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। এসময় বন্যহাতির দল স্থানীয় পশ্চিম সমশ্চূড়া গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মো: সাইদ মিয়া, শামসুন্নাহার, জুলেখা বেগম, মো: আবু বকর সহ ১৪ /১৫ কৃষকের প্রায় ৫ একর জমির আমন ধানের ফসল পা দিয়ে মাড়িয়ে নষ্ট করেছে। আমন থোড় ধানগাছ একদম মাটির নিচে চাপা পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বলেন, গভীর রাতে ভারতীয় হাতির দল এসে আমার প্রায় ২ একর আমন ধানের ফসল নষ্ট করেছে। প্রতি মৌসুমেই হাতির পাল আসে। আমরা সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণ চাই।
একই গ্রামের বিধবা কৃষাণী জুলেখা বেগম বলেন, ঋন-ধার করে পৌনে ২ একর জমি আবাদ করেছি। এখন তিন বাচ্চা নিয়ে কিভাবে সংসার চালাবো। সরকারের কাছে দাবী জানাই আমাদেরকে যথাযথ সহযোগিতা করা হোক ।
এব্যাপারে মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা মো: দেওয়ান আলী সাংবাদিকদের জানান, আমরা ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন করে কৃষকদের নামের তালিকা তৈরি করেছি। প্রায় ১৪/১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা আবেদন করলে সরকারি ভাবে ক্ষতিপূরণ পাবে। এব্যাপারে সরকারি নির্দেশনা রয়েছে।
প্রেরক- আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি।
01913 385510
খবরের ছবি সংযুক্ত