কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বৃদ্ধ সিকিউরিটি গার্ডের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওতাধীন বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে রেখা খাতুন জানান, তার বাবা পেশায় একজন সিকিউরিটি গার্ড। মঙ্গলবার রাতে ডিউটিতে যাওয়ার পথে বালুর মাঠ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে পথরোধ করে। এ সময় ছিনতাইয়ে বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন,
“বৃদ্ধের মৃত্যুর ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।