নিজস্ব প্রতিবেদক: ডাকাতির প্রস্তুতিকালে সাভার থেকে ৮ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) ভোরে সাভার মডেল থানার একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় সাভার মডেল থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ১৫–১৬ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি লোহার দা, ১টি লোহার ছুরি, ১টি স্টিলের চাইনিজ কুড়াল ও ৩টি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সানি মিয়া (৩৫), মো. রাসেল মিয়া (৩২), মো. রিপন মিয়া (৩৩), মো. শাহিন মিয়া (৩১), মো. মাসুদ রানা (৩১), মো. সোহাবান মিয়া (২৩), মো. নুর নবী (২৭) ও মো. ইমন মিয়া (২৫)।
এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।