করিমগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ১১নং নোয়াবাদ ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

সরকারের ২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই ভিজিএফ চাল ১১নং নোয়াবাদ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ (দশ) কেজি করে চাল প্রদান করা হয়।
আজ রবিবার (১৫ মার্চ) প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং সোমবার (১৬ মার্চ) দ্বিতীয় দিনের এই কার্যক্রম ১১নং নোয়াবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ইউনিয়নের বিভিন্ন এলাকার উপকারভোগীরা উপস্থিত হয়ে তাদের প্রাপ্য চাল গ্রহণ করেন।
চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন ১১নং নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। তিনি বলেন,
“সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের মাঝে সুষ্ঠুভাবে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।”
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, ঈদের আগে সরকারের এই সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের জন্য অনেকটা স্বস্তি নিয়ে এসেছে এবং তারা পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন।