মোঃ বকুল হোসেন নাটোর প্রতিনিধি: নাটোর জেলার লালপুর থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। থানা এলাকার গোপালপুর সুইপার কলোনিসহ বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
আজ আকস্মিকভাবে লালপুর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গোপালপুর সুইপার কলোনি এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর উদ্দেশ্যে সচেতনতামূলক ও সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন ওসি শফিকুল ইসলাম।
তিনি বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি আরও জানান, গোপালপুর সুইপার কলোনি ছাড়াও লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় যেমন গৌরিপুর, আরামবাড়িয়া এবং ২ নং ঈশ্বরদী এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
তিনি আরও আশ্বাস দেন, লালপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।