চীফ রিপোর্টার: আ.ন.ম. লুৎফুর রহমান:
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরের মেলান্দহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন। পরে স্কুল ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও সড়ক অবরোধে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বক্তারা বলেন, রামিসার মতো নিষ্পাপ শিক্ষার্থীকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা আমাদের সহপাঠীর হত্যার বিচার চাই। ধর্ষক ও খুনিদের এমন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
এদিকে কর্মসূচিতে স্থানীয় সাধারণ জনগণও একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।