মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ মোঃ বাবলু প্রাং (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা সদর থানার মালিগাছা ইউনিয়নের রানীগ্রাম পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রানীগ্রাম পূর্বপাড়া এলাকায় জনৈক বাবলু প্রাং তার বসতবাড়ির উঠানে নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল বিকেল ৪টা ৩০ মিনিটে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ বাবলু প্রাংকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১,০০০ গ্রাম (১ কেজি) শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ বাবলু প্রাং (৫৫) পাবনা সদর থানার রানীগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত মকবুল হোসেন ও মৃত আমেনা খাতুনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পাবনা সদর থানা এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা অনুযায়ী পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।