নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপও উদ্ধার করা হয়।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাত ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে বটগাছের নিচে হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে এসআই শেখ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসছে একটি গাড়ি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ চেকপোস্ট স্থাপন ও অভিযান পরিচালনা করে।
এ সময় মো. জামাল মিয়া ওরফে সেলিমকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পুরোনো নীল রঙের ফোটন (FOTON) পিকআপ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
গ্রেপ্তার জামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি এবং চুরির একটি মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।