
করিমগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা উম্মে মুসলিমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাতিসংঘ সনদপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদার দুলাল এবং নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে করিমগঞ্জে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অতিথিরা এ উদ্যোগকে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে ভবিষ্যতের দক্ষ ও সম্ভাবনাময় খেলোয়াড় গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় উৎসাহিত করার প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে করিমগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ তৈরি হলে শিশু-কিশোররা নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণের পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখবে।
উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করার পাশাপাশি আগামী দিনের ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।