মোঃ ইবনে আব্দুল্লাহ শাহজাহান কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারবার্তা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় মাদকবিরোধী বিক্ষুব্ধ জনতা মোস্তফা নামের ওই ব্যক্তির বসতঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘরের ইটের দেয়াল ভেঙে ফেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে পরিস্থিতি সামাল দিতে করিমগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটায়।
স্থানীয় ইউপি সদস্য রুস্তম আলী জানান, মোস্তফা প্রায় দুই যুগ ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। প্রথম দিকে তিনি গাঁজা বিক্রি করতেন। গত দুই থেকে তিন বছর ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক কারবারে জড়িয়ে পড়েছেন। এতে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবার বন্ধ করতে এলাকাবাসীর পক্ষ থেকে এর আগে মোস্তফাকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। মাদক ব্যবসা ছেড়ে বিকল্প আয়ের পথ তৈরি এবং পুনর্বাসনে সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন স্থানীয় নেতৃত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তবে প্রায় দুই মাস বিরতির পর তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন দূরদূরান্ত থেকে খুচরা মাদক কারবারি ও মাদকাসক্ত ব্যক্তিরা মোস্তফার বাড়িতে যাতায়াত করতেন। এতে এলাকার পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছিল। এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।