ইবনে আবদুল্লাহ শাহজাহান, জেলা প্রতিনিধি: জাতীয় যুব দিবস উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কর্মসূচির দ্বিতীয় দিনে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা। এ সময় তিনি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত নারীদের মধ্যে চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. শফিকুর রহমান ভূঁইয়া, নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও করিমগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা মো. মোস্তফা কামালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।