মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অদ্য ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমেই কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি লাখো শহীদের রক্তে অর্জিত মহান স্বাধীনতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন—এই স্বাধীনতা কোনোদিন ভোলার নয়; শহীদদের আত্মত্যাগ জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।
এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম এমপি, পুলিশ সুপার (সিআইডি), জেলা পরিষদের প্রশাসকসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শহীদদের স্মরণে জেলা পুলিশ কিশোরগঞ্জের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়, যা পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন সিনিয়র কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ, এবং জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
পরিশেষে, পুলিশ সুপার মহোদয় সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।