রাতুল গাজী,নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির ৫০ শয্যা বিশিষ্ট নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ডে ফ্যান বন্ধ থাকায় রোগীদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাসপাতালের নার্সিং রুমে ফ্যান সচল থাকলেও শিশু ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ডসহ একাধিক ওয়ার্ডে ফ্যান বন্ধ রাখা হয়। এতে করে তীব্র গরমে অসুস্থ রোগীরা, বিশেষ করে শিশু ও ডায়রিয়ায় আক্রান্তরা চরম কষ্টে দিন পার করছেন।
ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি একাধিক রোগী অভিযোগ করে বলেন,
“বিদ্যুৎ থাকার পরও ফ্যান বন্ধ ছিল। গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। চিকিৎসার পাশাপাশি এই গরম আমাদের জন্য আরও কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
রোগীদের স্বজনরা জানান, হাসপাতালের এই ধরনের অব্যবস্থাপনা অমানবিক এবং অগ্রহণযোগ্য। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে ভবিষ্যতে রোগীদের এমন ভোগান্তির মুখে না পড়তে হয়।