মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি: ঈশ্বরদী-পাবনা মহাসড়কে বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশা ও অদক্ষ চালকদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারী ও যাত্রীরা। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দিনদিন বৃদ্ধি পাচ্ছে ছোট-বড় দুর্ঘটনার সংখ্যা। কোনো প্রকার তোয়াক্কা না করে সড়কজুড়ে নিয়মবহির্ভূত ও অতিরিক্ত গতিতে যানবাহন চালানোর কারণে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। অথচ এসব নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
সর্বশেষ গত ১৫ই সেপ্টেম্বর ( মঙ্গলবার ) দুপুরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বালিয়াহালট গোরস্থানের সামনে এক আশঙ্কাজনক সড়ক দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পাবনা সদর ব্র্যাক অফিসের এক নারী কর্মকর্তা পাবনা থেকে ইজিবাইকে করে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ব্র্যাক কার্যালয়ে আয়োজিত একটি মাসিক মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিয়াহালট গোরস্থানের সামনে পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী ও বেপরোয়া একটি সিএনজি অটোরিকশা সজোরে ইজিবাইকটিকে সধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই ঘাতক সিএনজি চালক দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় ওই নারী কর্মকর্তাকে উদ্ধার করে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণে সিএনজি চালক কিংবা গাড়িটির নিবন্ধন নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন আহত কর্মকর্তার স্বজনেরা। তারা জানান, মহাসড়কে অভিজ্ঞতাহীন ও অদক্ষ চালকদের হাতে যানবাহন তুলে দেওয়ার কারণেই আজ সাধারণ মানুষের জীবন বিপন্ন। ঈশ্বরদী-পাবনা মহাসড়ককে নিরাপদ করতে এবং নিয়মবহির্ভূত এসব বেপরোয়া যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।