মোঃ ইবনে আব্দুল্লাহ শাহজাহান, করিমগঞ্জ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারি বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করিমগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জনাব নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে উপজেলা চত্বরের বিভিন্ন স্থানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের ভাতাভোগী সদস্য-সদস্যারা অংশগ্রহণ করেন। এ সময় তারা উপজেলা চত্বরের বিভিন্ন উপযুক্ত স্থানে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। বনজ, ফলজ ও ঔষধি গাছ মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের উপকারে আসে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা প্রয়োজন।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নিলুফার ইয়াসমিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান বৃক্ষরোপণ অভিযানকে সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশ রক্ষায় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য সফল হবে।
কর্মসূচিতে উপস্থিত ভাতাভোগী সদস্য-সদস্যারা নিয়মিতভাবে রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন উপজেলা চত্বরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।