সুলতান আহমেদ ময়না (শেরপুর):২৭ আগস্ট বিকেলে শেরপুর সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নের লতারিয়া গ্রামের ৭৫ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত আশরাফ আলী ও তার অসহায় পরিবারকে সহায়তা প্রদান করেন শেরপুর সদর আসনে ধানের শীষের এমপি মনোনয়ন প্রত্যাশী শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।
আশরাফ আলী ফুসফুস ও অন্ত্র ক্যান্সারে ভুগছেন দীর্ঘদিন ধরে। পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। উপরন্তু তার দুই ছেলে বহুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ও প্রায় পঙ্গুত্ব বরণ করেছেন। ফলে পরিবারের খাদ্য ও চিকিৎসার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। আশপাশের লোকজন সহায়তা দিলে তবেই খাবার জোটে, অনেক সময় তাদের অনাহারে থাকতে হয়।
বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়ান শফিকুল ইসলাম মাসুদ। তিনি নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন এবং ভবিষ্যতে প্রতি মাসে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এসময় জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সাবেক শেরপুর সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জু, জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, শেরপুর জেলা তাঁতি দলের আহ্বায়ক লালন মোল্লা সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।