নিজস্ব প্রতিবেদক:ফরিদপুরে র্যাব-১০ এর অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ১৭টা ১৫ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালায়। এসময় গোল্ডেন লাইন পরিবহণের ঢাকা মেট্রো-ব-১৩-১১১১ নম্বর বাস থেকে সন্দেহভাজন হিসেবে মোঃ এনায়েত উল্লাহ (৩২), পিতা- তোফায়েল আহম্মদ, সাং- বালুখালি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, এনায়েত উল্লাহ বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট সেবন করে পেটে বহন করছিলেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে এক্স-রে রিপোর্টে পেটের ভেতরে বস্তু সদৃশ কিছু পাওয়া যায়। পরে সন্ধ্যা ১৮টা ৩৫ মিনিটে চিকিৎসকের সহায়তায় বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার শরীর থেকে ৪৪টি কালো চকোলেট সদৃশ প্যাকেট বের করা হয়। এসব প্যাকেটে সর্বমোট ২,০৩৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত এনায়েত উল্লাহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।