কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

এই শোকাবহ ঘটনায় তাঁর রুহের মাগফিরাত কামনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক হাজী জুয়েল মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী সেলিম মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, তেঘরিয়া ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য সচিব সামিউল্লাহ, আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল মোল্লা, হাজী কামরুল মোল্লাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও তেঘরিয়া ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ জনগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী ও প্রভাবশালী নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারিয়েছে, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
দোয়া মাহফিল থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আল্লাহ তায়ালার কাছে তাঁদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য প্রার্থনা করা হয়। উপস্থিত সকলেই এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত বলে অনুভূতি প্রকাশ করেন। তেঘরিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দোয়া মাহফিলটি এক শোকাবহ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।