নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, অপরাধ ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-১০ এর সিপিএসসি লালবাগ ক্যাম্প এবং র্যাব-১৩ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ১১ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন তথ্যে জানা যায়, ওই এলাকায় এক অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্য যাচাই ও নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. তুহিন হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তুহিন হোসেনের পিতা মো. বাছের মোল্লা। তার বাড়ি খুলনা জেলার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনি এলাকায়।
এ সময় তার কাছ থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, এই অভিযান তাদের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, সময়োপযোগী প্রতিক্রিয়া এবং পেশাদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে র্যাব নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাপস কুমার কর্মকার, সহকারী পরিচালক (মিডিয়া), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০।