করিমগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম ওসমান ফারুকের পথসভা বিপুল জনসমাগমে জনসমুদ্রে রূপ নেয়।
৪ ফেব্রুয়ারি রোজ বুধবার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার মুদকপাড়া এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় করিমগঞ্জ ও আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছিল।” তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য রাজপথে আন্দোলন করছে এবং এই আন্দোলন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি ও দমন-পীড়নের জন্য স্বৈরাচার আওয়ামী লীগই দায়ী। আজ দেশের মানুষ দিশেহারা।” কিশোরগঞ্জ-৩ আসনের জনগণের উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত হলে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং তরুণদের কর্মসংস্থানে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। জনগণের ন্যায্য দাবি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরবেন বলেও অঙ্গীকার করেন তিনি। তিনি পথসভায় উপস্থিত মানুষকে ১২ ফেব্রুয়ারি ড. এম ওসমান ফারুককে ধানের শীষ মার্কায় বিজয়ী করার জন্য ভোট প্রার্থনা করেন।
পথসভায় জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভিপি সুমন এবং কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। তারা বলেন, ড. এম ওসমান ফারুক একজন আপসহীন, ত্যাগী ও পরীক্ষিত নেতা।
এছাড়াও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদার, করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, করিমগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন সরকার, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনজুরুল হক মামুন ভুঁইয়া, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আল ইমরান এবং বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত সাবেক সদস্য মোঃ রবিউল আওয়াল।
স্থানীয় নেতারা বলেন, ড. এম ওসমান ফারুক শুধু একজন এমপি প্রার্থী নন, তিনি এই এলাকার আশার প্রতীক।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও মিছিলের ১২ ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় বিজয় লাভ করবে। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর ও উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি হয়।