নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন এর নির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল সোমবার (০৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হলে তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় জানা যায়—মোঃ কালু হোসেন (৪৫), পিতা: ইমান উদ্দিন এবং জহিরুল ইসলাম (৪০), পিতা: মৃত সহিদুল্লাহ। উভয়ের বাড়ি বিশনন্দী ইউনিয়নে।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।