স্টাফ রিপোর্টার: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত প্রধান কারারক্ষী মোফাজ্জল হোসেন ডিউটি শেষে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। অদ্য ২১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তিনি কর্মস্থল থেকে বের হয়ে আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা পোস্তগোলা জুরাইনগামী একটি সিএনজি দ্রুত গতিতে এসে তার ওপরে উঠে যায় এতে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি দ্রুতগতিতে চলছিল এবং এ কারণেই এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় জড়িত সিএনজি চালক মোঃ রকিব হোসেন (২৩), পিতা- আবুল হোসেন, সাং- তুলাখুলি, থানা- মেঘলা, জেলা- কুমিল্লা—কে পুলিশ আটক করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।
হাসারা হাইওয়ে থানার ওসি মামুন আল হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত সিএনজি ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা আহত কারারক্ষীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।