মোঃ বকুল হোসেন ঈশ্বরদী পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মার চরাঞ্চলে ফসলি জমি রক্ষায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদা এলাকার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব। এসময় ঈশ্বরদী থানা পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ওই এলাকার ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এতে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় অবৈধ মাটিকাটার সঙ্গে সরাসরি জড়িত কাউকে পাওয়া যায়নি।
অভিযান চলাকালে মেসার্স বিআরবি ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান পরিচালিত হয়। এসময় সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করে ২ পিস ইয়াবাসহ অনিক কাজী (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়। সে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাদাপুর এলাকার ইনারুল কাজীর ছেলে।
পুলিশ জানায়, আটক কিশোরের কাছ থেকে ইয়াবাসহ মাদকদ্রব্য পাওয়া যায়। তবে সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বাবার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে প্রশাসনের নজরদারিতে রাখা হবে বলেও জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, অভিযান চলাকালে এক কিশোরের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া যায়। সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বাবার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাকে প্রশাসনের নজরদারিতে রাখা হবে।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মো. কামরুজ্জামান, সিপিসি-২ পাবনা র্যাব-১২ এর হাজ্জাজ বাদশাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।