মোঃ বকুল হোসেন ঈশ্বরদী, পাবনা: পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
‘মারবো ডেঙ্গু, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহিমপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে এবং রাস্তার পাশের জঙ্গল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল ও সদস্য সচিব আনোয়ার হোসেন জনি। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাকারিয়া পিন্টুর নির্দেশনায় ঈশ্বরদীতে এ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়; এর পাশাপাশি জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমও গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পরিত্যক্ত পাত্রে পানি জমে থাকলে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই নিয়মিত জমে থাকা পানি অপসারণের পাশাপাশি নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিষ্টু কুমার সরকার, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস খান এলবাস, পৌর বিএনপির সদস্য সোহেল আহমেদ, যুবদল নেতা আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আউয়াল কবির, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সাল ইকবাল জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা রুমন ও রুবেল, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওনসহ যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে কেন্দ্র করে তিন মাসব্যাপী এ কর্মসূচি পর্যায়ক্রমে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় পরিচালিত হবে।