মোঃ বকুল হোসেন ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুলে’ অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নবনির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার স্কুল প্রাঙ্গণে বর্ণিল সাজসজ্জায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইব।
স্কুলের অধ্যক্ষ মো. হেলালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহীনা আক্তার, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, ওহিদুজ্জামান টিপু, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোছা. খালেদা আক্তার ও আমিনুল ইসলাম মাসুম।
অনুষ্ঠান পরিচালনা করেন সকাল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও সাংবাদিক মহিদুল ইসলাম। অনুষ্ঠানের একপর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইব বলেন, ঈশ্বরদীতে যোগদানের পর থেকেই সকাল প্রি-ক্যাডেট স্কুলের সুনাম শুনে আসছেন। সরেজমিনে স্কুলটি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, শিক্ষার নামে শিশুদের ওপর অতিরিক্ত বইয়ের চাপ দেওয়া উচিত নয়। এতে পড়াশোনার প্রতি তাদের ভীতি তৈরি হতে পারে। শাসনের পরিবর্তে ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশে ইউএনও বলেন, প্রতিটি শ্রেণিতে প্রত্যেক শিক্ষার্থীকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। কোনো শিক্ষার্থীকে অবহেলা করা হলে সে পড়াশোনায় অমনোযোগী হয়ে শিক্ষা জীবন থেকে ছিটকে পড়তে পারে।