নাহিদ হাসান, ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে কালিগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ কালিগঞ্জ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলযোগে শহরের দিক থেকে যাওয়ার সময় কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরও একজন আহত হন।
মৃত আব্দুস সামাদ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।