নিজস্ব প্রতিবেদক: কারা অধিদপ্তরে শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ারুল কবীর, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-কে প্রেষণে কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, কর্নেল মোঃ সাইফুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি-কে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে অতিরিক্ত কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি লেঃ কর্নেল পদ থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে দায়িত্ব পালনকারী কর্নেল মোঃ মোস্তফা কামাল, এনডিসি, পিএসসি-কে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ অক্টোবর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে এসব পদায়ন ও প্রত্যাবর্তনের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কারা অধিদপ্তরের শীর্ষ দুই পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের কারা ব্যবস্থাপনায় নতুন নেতৃত্বের সূচনা হলো।