মোঃ বকুল হোসেন ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী পাকশী ইউনিয়নকে একটি ডিজিটাল, আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পাকশী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম পাতা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম পাতা জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করে আসছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি একাধিক মিথ্যা মামলা, হামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তবে জীবনের কোনো পর্যায়েই অন্যায়ের কাছে মাথা নত করেননি।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন এবং রাজনৈতিক পরিবর্তনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের এই সময়ে এসে ক্ষমতার কোনো মোহ নেই। বরং জীবনের বাকিটা সময় সাধারণ ও মেহনতি মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই।”
এ সময় দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, সুবিধাবাদী ও আওয়ামীপন্থী একশ্রেণীর অপশক্তি বর্তমানে দলে প্রবেশ করে জাতীয়তাবাদী দলকে বিতর্কিত ও বিভ্রান্ত করার পাঁয়তারা করছে। এ বিষয়ে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তিনি ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের দাবি জানান।
পাকশী ইউনিয়নের মানুষের উদ্দেশে জাহিদুল ইসলাম পাতা বলেন, পাকশীর সম্মানিত জনগণ যদি আগামীতে তাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেন, তবে তিনি পাকশী ইউনিয়নকে একটি সুশাসিত, প্রযুক্তিনির্ভর, মাদকমুক্ত ও শান্তিময় মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করবেন।