মঙ্গলবার (৩ নভেম্বর) কিশোরগঞ্জ সদর থানাধীন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি কিশোরগ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে থাকা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সম্মিলিত সচেতনতা ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গঠন সম্ভব।
অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক, অপরাধমুক্ত সমাজ, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত পরিবেশ এবং সবুজ বাংলাদেশ গড়তে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সচেতনতাই পারে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে।