সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল।
রবিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শোনা যাচ্ছে রাতের আঁধারে এখনো বনাঞ্চল থেকে বালু উত্তোলন চলছে। অবিলম্বে এ কার্যক্রম বন্ধে বনবিভাগকে কঠোর ব্যবস্থা নিতে হবে।” একই সঙ্গে গরু চুরি ও বালু চোরাচালান প্রতিরোধে থানা পুলিশকে বিশেষ নজরদারির নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরুজজামান আকন্দ, আলহাজ্ব সফিউদ্দিন আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার আলম, হাজি উছি আমিরুননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওম্মে কুলসুম, দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক আবুল হাসেম, রেঞ্জ অফিসার মোঃ আব্দুল করিমসহ গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
বক্তারা গভীর রাতে ইউএনও’র নেতৃত্বে পরিচালিত অভিযানের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এসব পদক্ষেপে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে। তারা আরও জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলার অবনতি যেন না হয় সেজন্য পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বদা সজাগ থাকতে হবে।