নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সৃষ্টি হয় নজিরবিহীন জনসমাগম। কর্মসূচিকে কেন্দ্র করে লাখো লাখো বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা তিল ধারণের ঠাঁইহীন হয়ে পড়ে।
রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ৩০০ ফিট এলাকায় জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনসমাগম এতটাই ঘন ছিল যে অনেক সময় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীতে এমন বিশাল জনসমাগম খুব কমই দেখা গেছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আবেগ। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর ছিল।
এই ঐতিহাসিক সংবর্ধনা কর্মসূচি বিএনপির সাংগঠনিক শক্তি ও নেতাকর্মীদের ঐক্যের প্রতিফলন হিসেবে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৩০০ ফিট এলাকা এদিন পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।