কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি সোমবার বিকাল ৪টায় সহকারী রিটার্নিং অফিসার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিপুন রায় চৌধুরী, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতান নাসেরসহ বিপুল সংখ্যক বিএনপি নেতা ও কর্মী।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর রায় বলেন, “যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও সরকারের সহযোগিতা জরুরি। তবে শুধু সরকারের ও নির্বাচন কমিশনের সততা যথেষ্ট নয়। প্রার্থীদের নিজ দায়িত্বে আচরণবিধি মানা এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করাই গুরুত্বপূর্ণ। জনগণ ভোটকেন্দ্রে উপস্থিত থাকলে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য আর বাহিনীর ওপর নির্ভরশীল হওয়া প্রয়োজন হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, প্রার্থীদের দায়িত্বশীলতা এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাফল্যের মূল চাবিকাঠি।