নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহীববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নি:) আরিফুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (২২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানটি চালানো হয় সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায়, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে। এ সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ নবী হোসেন (২৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রঘুনাথপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।