৩ মাসের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা; বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য জব্দ
কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জে র্যাবের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ও ভেজাল খাদ্যপণ্য তৈরির দায়ে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে ২০২৫) কেরাণীগঞ্জের জিনজিরা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে র্যাব-১০।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্যবিরোধী অভিযানে কাজ করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জিনজিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় সাদ্দাম হোসেন (২৯) নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাব আরও জানায়, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।