মোঃ রবিউল আওয়াল (কেরানীগঞ্জ): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি (জালখোলা) গ্রামে মোবাইল চুরির ঘটনায় থানায় সালিশ বৈঠক শেষে বাড়িতে ফেরার সময় তাজুল ইসলাম(৬০) নামে এক প্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ৭ জুলাই দিনগত মধ্যরাতে ঢাকা-মাওয়া মহাসড়কের ঝিলমিল আবাসিক এলাকার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও নিহত স্বজনরা জানান, তাজুল ইসলামের মেয়ের জামাইয়ের দুটি মোবাইল ফোন চুরি হওয়ার পর চোর সন্দেহে দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা শেষে থানা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় তাজুল ইসলাম।এরপর স্থানীয়রা জরুরি সেবার মাধ্যমে পুলিশে খবর দিলে ঝিলমিল আবাসিক এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবার ও আত্মীয়-স্বজন তাজুল ইসলামের মরদেহ বলে নিশ্চিত করেন। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আকতার হোসেন জানান, জরুরি সেবা মাধ্যমে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত থেকে আলামত সংগ্রহ করেছেন, তদন্ত অব্যাহত রয়েছে।