নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরাণীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে ৯৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোঃ মোস্তফা হাওলাদার (৪৫), পিতা-মোবারক হাওলাদার, সাং-পশ্চিম রতনপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ৯৬ গ্রাম হেরোইন ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাকে উদ্ধারকৃত মাদকসহ দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক সমাজের ভয়াবহ বিষফোঁড়া। এটি শুধু যুব সমাজকে ধ্বংস করছে না, পরিবারে অশান্তি ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিও সৃষ্টি করছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।
র্যাব-১০ জানায়, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।