কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর অভিযানে ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার নেতৃত্বে ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় ০৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ বিকেল ৫টা ৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারীর ঢাল এলাকায়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোছাঃ লাকী বেগম (৩৮), স্বামী—মোঃ রনি, পিতা—মৃত মোবারক সরদার, মাতা—হাওয়া বেগম, সাং—পূর্ব মান্দাইল, থানা—কেরানীগঞ্জ মডেল, জেলা—ঢাকা; তাকে ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত লাকী বেগমের বিরুদ্ধে পূর্বেও কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-২০, তারিখঃ ১০/০৭/২০২৫ খ্রিঃ, ধারা—২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) অনুসারে মামলা রয়েছে।
বর্তমানে তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-১৮, তারিখঃ ০৭/১০/২০২৫ খ্রিঃ, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে।