কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বহুল আলোচিত ও সমালোচিত রাজনৈতিক নেতা, নোয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শেখ বাবুল উদ্দিনকে অদ্য আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। আজ (১৭/১২/২০২৫ ইং) তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির জানান, “শেখ বাবুল উদ্দিনকে একটি সন্ত্রাসী নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে আলোচনায় থাকা শেখ বাবুল উদ্দিনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপকে অনেকেই বিলম্বিত হলেও কঠোর ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে দেখছেন।
সূত্র মতে, করিমগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন নাশকতামূলক তৎপরতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ তদন্তের ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শেখ বাবুল উদ্দিনের গ্রেফতারের খবরে নোয়াবাদ ইউনিয়নসহ পুরো করিমগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের অনেকে বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে জড়িতদের আইনের আওতায় আনাই জননিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়েছে এবং সন্ত্রাসী নাশকতার মামলায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে আরও তথ্য পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, মোঃ শেখ বাবুল উদ্দিন নোয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনকালে তার ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক বিতর্ক ও ক্ষোভ বিরাজ করছিল বলে স্থানীয়রা দাবি করেন।
সচেতন মহলের দাবি, এই গ্রেফতার যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত করা হয়।