কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রায় চার লক্ষ টাকা মূল্যমানের ৫০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে স্কুল ব্যাগে সংরক্ষিত আনুমানিক ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনকারী এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোসা: মনজুরা আক্তার জলি (৩১)। তিনি মোঃ মহিদুল ইসলামের স্ত্রী। তার বাড়ি খোশালপুর গ্রাম, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ বলে জানা গেছে।
র্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন,
“মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। ‘মাদক নির্মূলে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।