নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ২৯ মার্চ ২০২৬: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাভার মডেল থানার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শনিবার (২৮ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযান পরিচালিত হয় মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায়।
গ্রেফতারকৃতরা হলো—ইলিয়াম তালুকদার ওরফে ছোটন ওরফে বাপ্পি (৩৫), মোঃ রাজু (৩৭), মোঃ নুরনবী (২৪) এবং আব্দুল্লাহ (২১)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ধারালো চাপাতি, সুইচ গিয়ার, প্লাস্টিকের খেলনা পিস্তল, ছেনি, দুই ধারযুক্ত তলোয়ার, চাইনিজ কুড়াল, ইলেকট্রিক ড্রিল মেশিন, গ্যারান্টিন মেশিন, প্লাস, কাটার, স্ক্রু ড্রাইভার ও কাঁচি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ইলিয়াম তালুকদারের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও মাদকসহ মোট ৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানা-য় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-৭৩, তারিখ: ২৮ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।