নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ভোর ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মোঃ আফজাল হোসেন (৪৭), পিতা: মোঃ ওয়াহিদুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি কাঠের বাটসহ সচল ট্রিগারযুক্ত সিলভার রঙের বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি, একটি সচল ট্রিগারযুক্ত বিদেশি ওয়ান শটারগান এবং একটি পুরাতন নীল-কালো রঙের সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে পলাতক আসামিদের ফেলে যাওয়া ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি স্টিলের তৈরি ধারালো ছোরা, একটি প্লাস্টিকের বাটযুক্ত লোহার তৈরি ধারালো ছোরা এবং একটি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আফজাল হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।