নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা এলাকায় সংঘটিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় দুই প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসবাদ, হত্যা, হত্যা চেষ্টা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
সূত্র জানায়, রাজধানীর মুগদা থানাধীন উত্তর মুগদা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৬) এর সঙ্গে মোঃ খোকন (৫৫) ও মোঃ মাসুদ রানা (৩৫)সহ অন্যান্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে আসামিরা সংঘবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের স্ত্রী ও সন্তানদের এলোপাতাড়ি মারধর করে।
এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর আওতাধীন মুগদা থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলা নং-২৫, তারিখ ২৩/০৪/২০২৬ খ্রিস্টাব্দে পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়।
এরই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মুগদা ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি মোঃ খোকন ও মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।