আবুল হাশেম ধোবাউরা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে সচেতন নাগরিকদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বড় মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করে মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনছার আলী তুলা, যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্ডল, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব, ইউপি সদস্য শাহীন মিয়া, মসজিদের ইমাম হাবিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা অবিলম্বে মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইউপি সদস্য শাহীন মিয়া তার বক্তব্যে বলেন, “মাদকে আসক্ত হয়ে অনেক তরুণ তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। অনেক অভিভাবক বাধ্য হয়ে তাদের সন্তানদের পুনর্বাসন কেন্দ্রে পাঠাচ্ছেন, আবার কেউ কেউ পরিস্থিতির চাপে আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও সোপর্দ করছেন।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও প্রশাসনের কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।