নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল সদৃশ ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক উদ্ধারে র্যাব নিয়মিত গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহারের মাধ্যমে “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে কাজ করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় গত ১৬ মে ২০২৬ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত ডিউটির সময় ডিএমপি’র পারগেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল সদৃশ ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে তারা সদা প্রস্তুত রয়েছে এবং জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।