নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের কোতয়ালী ও মধুখালী থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৯.৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৯ জুন) রাতে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে ১০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা মোস্তফা কামাল (২৭) ও রাশেদুল ইসলাম (২৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে মঙ্গলবার (১০ জুন) ভোরে মধুখালী উপজেলার বেল্লাকান্দি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব। সেখানে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। এ সময় মনির হোসেন ওরফে রুবেল (২৬) এবং আমির হোসেন (২৪) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারাও খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা।
র্যাবের দাবি, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাগুরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ এক বিবৃতিতে জানায়, মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।