নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রেনেড সদৃশ চারটি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু উদ্ধার ও এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্যান্টাসি টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফয়সাল খান (৩০) কে গ্রেফতার করা হয়। অভিযানে বাথরুম-সংলগ্ন শয়নকক্ষ থেকে ধাতব লিভার, সেফটি পিন ও রিং যুক্ত চারটি গ্রেনেড সদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল স্বীকার করেছে, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক নিজের কাছে রেখেছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।